শিরোনাম

৩৬ দিনে ২৪ বার দাম পরিবর্তন, আজ সোনার ভরি কত

নিজস্ব প্রতিবেদক
৩৬ দিনে ২৪ বার দাম পরিবর্তন, আজ সোনার ভরি কত
ছবি: সংগৃহীত

বছরের শুরু থেকেই সোনার বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে। বিশ্ববাজারের উত্থান-পতনের সঙ্গে সমন্বয় বজায় রাখতে গিয়ে দেশের বাজারে ১২ ঘণ্টাও টিকছে না নির্ধারিত দাম। উত্থান-পতন চলছে দিনে ও রাতে। এমনকি ৬ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে সোনার দামে পরিবর্তন হতে দেখা গেছে। ফলশ্রুতিতে, বছরের প্রথম ৩৬ দিনেই ২৪ দফা সোনার দাম পরিবর্তন করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনকে (বাজুস)।

তবে অস্থিরতার মধ্যে এ ধারাবাহিকতায় সাময়িক স্থিরতার লক্ষণ দেখা গেছে বুধবার (৪ ফেব্রুয়ারি)। এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সোনার দাম দুই দফা বাড়ানো হয়েছিল। ওইদিন সকালে প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) ৫ হাজার ৪২৪ টাকা ও বিকেলে আরও ১০ হাজার ৯০৬ টাকা বৃদ্ধি করে বাজুস। এতে দেশের বাজারে ২২ ক্যারেটের সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।

বুধবার কার্যকর হওয়া এ দামেই আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দেশের বাজারে বিক্রি হচ্ছে সোনা।

সবশেষ মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম এখন পড়ছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকায় বেচাকেনা হচ্ছে।

এর আগে, সোমবার (২ ফেব্রুয়ারি) দুই দফায় কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি  সোনার দাম ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১ হাজার ৮৭ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওইদিন ৫ ঘণ্টার ব্যাবধানে দুইবার পরিবর্তন হয়েছিল সোনার দাম। 

সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ২৪ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ১৬ দফা; আর ৮ দফায় কমানো হয়েছে। ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

/জেএইচ/