শিরোনাম

সাবেক সংসদ সদস্য ও নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সাবেক সংসদ সদস্য ও নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ।

কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ (৬৫) ইন্তেকাল করেছেন। রবিবার (২১ জুন) থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সেলিমা আহমাদ দেশের অন্যতম শিল্পগোষ্ঠী নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং গ্রুপটির চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদের সহধর্মিণী ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্বে ছিলেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুমিল্লা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সেলিমা আহমাদ। কুমিল্লা উত্তর আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বেও ছিলেন তিনি।

এর আগে, নারী উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসা খাতে অবদান রাখায় ২০১৪ সালে তিনি ‘অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড’ পান।

জানা যায়, ব্যবসায়ী নেত্রী সেলিমা আহমাদ দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার বাংলাদেশ সময় রাত ৭টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে নিটল-নিলয় গ্রুপের প্রতিষ্ঠান হিরো মোটোকর্প নিলয় বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা বিজয় কুমার মণ্ডল বলেন, আগামী মঙ্গলবার (২৩ জুন) তার (সেলিমা আহমাদ) মরদেহ দেশে আনা হবে।

এদিকে, সেলিমা আহমাদের মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

/এফআর/