শিরোনাম

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

উপজেলাভিত্তিক সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করে অর্থায়ন কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেওয়া হবে। এর অর্ধেক থাকবে ব্যাংক ঋণ, আর বাকি অর্ধেক অনুদান।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের উদ্যোগে কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে। এর আওতায় তফসিলি ব্যাংকগুলো তাদের বিদ্যমান শাখা নেটওয়ার্ক ব্যবহার করে উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও চিহ্নিত করবে। এরপর উদ্যোক্তার ব্যবসায়িক ধারণা ও প্রকৃত অর্থের চাহিদা যাচাই করে অর্থায়ন করবে।

যারা নির্বাচিত হবেন, তাদের জন্য সর্বোচ্চ ২০ লাখ টাকার অর্থায়ন প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এ ঋণের জন্য কোনো সহায়ক জামানত প্রয়োজন হবে না। গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৪-৫ শতাংশ হবে।

তবে এক্ষেত্রে কিছু শর্ত আছে। নির্ধারিত সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অর্থ সুদবিহীন ঋণে রূপান্তরিত হবে। পাশাপাশি ঋণ হিসাবটি প্রচলিত নিয়মে শ্রেণিকৃত হয়ে খেলাপি হিসেবে বিবেচিত হবে। ফলে সংশ্লিষ্ট উদ্যোক্তা ভবিষ্যতে ঋণ পাওয়ার যোগ্যতা হারাবেন।

কারা ঋণ পাবেন

প্রাপ্তবয়স্ক নাগরিকদের মধ্যে আবেদনের শেষ তারিখে বয়স সর্বোচ্চ ২৮ বছর এবং সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দা হতে হবে। আগে থেকে ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়। তবে বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা থাকতে হবে।

কর্মসূচির আওতায় থাকছে যেসব সেক্টর

এ কর্মসূচিতে বিবেচিত থাকবে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা ও প্রযুক্তিভিত্তিকসহ সব ধরনের বৈধ উদ্যোগ। সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দারা সম্পূর্ণ বিনামূল্যে যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

আগামী ১৬ সেপ্টেম্বর কর্মসূচির বিস্তারিত নির্দেশনা সংবলিত সার্কুলার জারি করা হবে। সার্কুলার জারির পর এক মাস আবেদন গ্রহণ করা হবে।

যেসব উপজেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন

প্রাথমিকভাবে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনার ৬৪টি উপজেলায় কর্মসূচি শুরু হবে। প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন তরুণ উদ্যোক্তা নির্বাচিত হবেন।

পরবর্তী সময়ে দেশের অন্যান্য উপজেলাতেও কর্মসূচি সম্প্রসারণ করা হবে। প্রতি বছর প্রায় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে অর্থায়ন ও সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের।

শুধু অর্থায়ন নয়, উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, অভিজ্ঞ মেন্টরের পরামর্শ, ব্যবসা নিবন্ধন ও ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে সহায়তা এবং বাজার সংযোগের সুযোগও দেওয়া হবে।

এ উদ্যোগের মাধ্যমে সফল ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।

/জেএইচ/