শিরোনাম

গার্মেন্টস মালিক থেকে গভর্নর

নিজস্ব প্রতিবেদক
গার্মেন্টস মালিক থেকে গভর্নর
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সিটিজেন গ্রাফিক্স

দিনভর নাটকীয়তা শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন পোশাক ব্যবসায়ী ও হিসাববিদ (এফসিএমএ) মো. মোস্তাকুর রহমান। তিনি বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) চার বছর মেয়াদে তাকে গভর্নরের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তিনি আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হলেন।

পোশাক খাতের ব্যবসায়ী মোস্তাকুর রহমান এক সময় পুঁজিবাজারের ব্রোকারেজ হাউজ এবং আবাসন ব্যবসাতে যুক্ত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন তিনি। স্মরণকালের ইতিহাসে রেওয়াজের বাইরে গিয়ে কোনো গার্মেন্টস ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ করা হয়েছে। এর ফলে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

নতুন গভর্নর মোস্তাকুর রহমান নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে গড়ে তোলা পরিবেশবান্ধব কারখানা হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক। তিনি পাকুন্ডা গ্রামের সন্তান এবং সোনারগাঁও থানার বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মামুনের ছোট ভাই।

মোস্তাকুর রহমান ১৯৬৬ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর ১৯৯১ সালে তিনি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে এফসিএমএ ডিগ্রি লাভ করেন।

৩০ বছরেরও বেশি সময় ধরে তিনি করপোরেট ফিন্যান্স, রপ্তানি, প্রাতিষ্ঠানিক সুশাসন ও আর্থিক ব্যবস্থাপনায় কাজ করে আসছেন। ব্যবসায়িক কোনো সংগঠনের নেতৃত্ব না দিলেও তিনি পেশাজীবী হিসেবে বিভিন্ন সংগঠনের সদস্য ছিলেন। গত বছরের জুলাই থেকে তিনি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রজ্ঞাপণ জারির পর নতুন গভর্নর মোস্তাকুর রহমানকে কিছু লোক ঋণখেলাপি হিসেবে প্রচার করলেও আইন অনুযায়ী এখন তাকে ঋণখেলাপি বলা যাবে না। তথ্য অনুযায়ী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে তার খেলাপি ঋণের পরিমাণ ছিল ৮৯ কোটি ২ লাখ টাকা। তবে গত বছরের জুনে ২ শতাংশ ডাউনপেমেন্ট দেওয়ায় বিশেষ বিবেচনায় ১০ বছরের জন্য তার ঋণ পুনঃতফসিল করা হয়েছে।

জানা গেছে, বর্তমান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী যখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি (১৯৯৮-২০০০), তখন মোস্তাকুর রহমান ওই স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। এমআরএম সিকিউরিটিজ নামের একটি ব্রোকারেজ হাউজের প্রতিনিধিত্ব করে তিনি সিএসইর পরিচালনা পর্ষদে ছিলেন। দুই দফা মালিকানা পরিবর্তনের পর প্রতিষ্ঠানটির নাম এখন ইউসিবি ব্রোকারেজ হাউজ।

মোস্তাকুর রহমান আবাসন খাতের সংগঠন রিহ্যাব ও ঢাকার ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-ডিসিসিআই এবং অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর সদস্য। এসব সংগঠনের বিভিন্ন কমিটিতে তিনি কাজ করেছেন।

/জেএইচ/