নড়াইলে দুই বিএনপি নেতা হত্যা: ৬ দিন পর মামলা

নড়াইল সংবাদদাতা
নড়াইল সংবাদদাতা
নড়াইলে দুই বিএনপি নেতা হত্যা: ৬ দিন পর মামলা
(বাঁ থেকে) সোহেল মোল্লা ও শাহিনুর শেখ

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনায় ছয়দিন পর অবশেষে থানায় মামলা হয়েছে। এতে ৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী।

এর আগে, গতকাল মঙ্গলবার রাতে নিহত এক নেতার ভাই জুয়েল মোল্লা বাদী হয়ে এ মামলা করেন।

এর আগে, গত ১৮ নভেম্বর সন্ধ্যায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেল মিছিল চলাকালে কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে নিহত হন কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা এবং জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা। হামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে, গত ২০ নভেম্বর নিহত দুই নেতার কবর জিয়ারত করতে কালিয়ায় আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাদের সঙ্গে উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে ওই দিন সন্ধ্যায় বেন্দারচর এলাকায় বিক্ষুব্ধ লোকজন সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি ও সাবেক পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ ৫০ থেকে ৬০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের জেরে ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় লোকজন এসব হামলা চালান বলে জানিয়েছিল পুলিশ।

দুই বিএনপি নেতা হত্যার ঘটনায় বেন্দারচর গ্রামে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়
দুই বিএনপি নেতা হত্যার ঘটনায় বেন্দারচর গ্রামে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়

হামলার শিকার পরিবারগুলোর অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। কেউ কেউ রাতে নিজেদের বাড়িতে থাকছেন না।

এসব বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী গণমাধ্যমকে বলেন, বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেন্দারচর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এফআর/