শিরোনাম

বারবার প্রকল্পের মেয়াদ বাড়ানোয় বিরক্ত প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বারবার প্রকল্পের মেয়াদ বাড়ানোয় বিরক্ত প্রধানমন্ত্রী
একনেক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিআইডি

বারবার প্রকল্পের মেয়াদ এবং ব্যয় বাড়ানোয় বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমান। প্রকল্পের মেয়াদ কার জন্য বাড়াতে হচ্ছে তাকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার তাগিদ দিয়েছেন তিনি। এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। সভায় ২ হাজার ২৬৬ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ৮টি প্রকল্প অনুমোদন পায়। এর মধ্যে ৩টি নতুন প্রকল্প, ৩টি সংশোধিত এবং ২টি মেয়াদ বৃদ্ধি প্রকল্প রয়েছে।

এদিন খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের তৃতীয় সংশোধনের জন্য একনেক সভায় উপস্থাপন করা হয়। বারবার মেয়াদ বাড়ানোর প্রস্তাবে বিরক্তি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। প্রকল্পটি অনুমোদন না দিয়ে একনেক সভা থেকে ফিরিয়ে দেওয়া হয়। কার কারণে প্রকল্পটিতে বার বার মেয়াদ বাড়ানো হচ্ছে সেই ব্যক্তিকে খুঁজে বের করার নির্দেশ দেন তিনি।

একনেক সভায় প্রধানমন্ত্রী প্রকল্পের খরচ কমানোরও নির্দেশ দেন। এছাড়া প্রকল্পের অধিকাংশ খরচ বা ব্যয় অস্বাভাবিক বলে মত দেন তিনি। এলজিইডি-পিডব্লিউডিসহ সব বিভাগের রেট সিডিউল এক না হওয়ায় বিরক্তি প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, এক সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অনেক গাছ ছিল, যা দেখে ভালো লাগতো। ঢাকা-বগুড়া মহাসড়কেও গাছ নেই। তিনি জানান, নগরায়ন নয়, গ্রামীণ পরিবেশ তার পছন্দ। তবে সড়কের পাশে যেন ইউক্যালিপটাস বা ইপিল-ইপিল গাছ না লাগানো হয় সে বিষয়ে তিনি সংশ্লিষ্টদের সতর্ক করেন।

/এফসি/