শিরোনাম

তারেক রহমানকে সভাপতি করে একনেক কমিটি পুনর্গঠন

বিশেষ প্রতিনিধি
তারেক রহমানকে সভাপতি করে একনেক কমিটি পুনর্গঠন
পরিকল্পনা মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) পুনর্গঠন করে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গেজেট প্রকাশ করেছে সরকার।

একনেক কমিটির অপর সদস্যদের মধ্যে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিকল্প সভাপতি করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন- অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, শিল্প বস্ত্র পাট ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল, সড়কপরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী।

সহায়তাদানকারী কর্মকর্তাদের মধ্যে আছেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, পরিকল্পনা বিভাগের সচিব, পরিকল্পনা কমিশনের সব সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিব।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব বিনিয়োগ প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) এবং টেকনিক্যাল এসিস্ট্যান্স প্রজেক্ট প্রপোজাল (টিএপিপি)।

টেকনিক্যাল প্রজেক্ট প্রপোজাল (টিপিপি) বিবেচনা ও অনুমোদন, সরকারি খাতে ৫০ (পঞ্চাশ) কোটি টাকার বেশি মোট বিনিয়োগ ব্যয় সংবলিত প্রকল্পসমূহে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভার সুপারিশ বিবেচনা ও অনুমোদন; উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং বেসরকারি উদ্যোগ, যৌথ উদ্যোগ অথবা অংশগ্রহণমূলক বিনিয়োগ কোম্পানিসমূহের প্রস্তাব বিবেচনা, দেশের অর্থনৈতিক পরিস্থিতির পরিবীক্ষণ এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকান্ড ও এর সঙ্গে সংশ্লিষ্ট নীতি-নির্ধারণী বিষয়সমূহ পর্যালোচনা এবং বৈদেশিক সহায়তার বার্ষিক লক্ষ্যমাত্রা বিবেচনা ও অনুমোদন এবং উক্ত লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি পর্যালোচনা এই কমিটির প্রধান কাজ।

/টিই/