শিরোনাম

দ্রুত থার্ড টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি
দ্রুত থার্ড টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরের থার্ড টার্মিনাল সভা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন । বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন।

বিমান মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যাতে সামনে থার্ড টার্মিনাল চালু করা যায়। সে ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন।

থার্ড টার্মিনাল কবে নাগাদ চালু হবে সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা বিমানমন্ত্রী বলেন, ‘কবে নাগাদ চালু হবে এটাতো বলা যাবে না। এখন আলাপ আলোচনা হবে, তদন্ত হবে, কীভাবে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। তবে নিদিষ্ট কোনো সময় বলা যাবে না।’

বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা আরও বলেন, থার্ড টার্মিনাল নিয়ে বেশ কিছু সুপারিশ ছিলো। এর কিছু অংশ ভাঙতে হবে। এখানে নেটওয়ার্ক সমস্যা ছিল।

৯৯ শতাংশের বেশি কাজ শেষ করার পরও থার্ড টার্মিনাল চালু করা কেন সম্ভব হলো না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেন চালু হচ্ছে না, সেটা অন্তর্বর্তী সরকারের সময় ছিল প্রশ্নটা তাদের করতে পারতেন। এখন প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যাতে সামনে এটি চালু করা যায়। সে ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ২০১৭ সালে থার্ড টার্মিনাল নির্মাণের প্রকল্প হাতে নেয়। এর নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের ২৮ ডিসেম্বর। এর নির্মাণব্যয় ধরা হয় প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা।

২০২৩ সালের ৭ অক্টোবর থার্ড টার্মিনালের আংশিক উদ্বোধন করা হয়। সেসময় বেবিচক জানিয়েছিল, ২০২৪ সালেই পুরোপুরি কার্যক্রম শুরু হবে থার্ড টার্মিনালের। কিন্তু পরে তা আর হয়নি।

/বিবি/