শিরোনাম

বাংলাদেশ ব্যাংকে সার্ভিস স্ট্যান্ডার্ড নিশ্চিতে নির্দেশনা

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলাদেশ ব্যাংকে সার্ভিস স্ট্যান্ডার্ড নিশ্চিতে নির্দেশনা

বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগ ও শাখা অফিসের কার্যক্রমে নির্ধারিত সার্ভিস স্ট্যান্ডার্ড যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে নিয়মিত মাসিক পর্যালোচনা সভা শুরু হয়েছে।

রবিবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে প্রথম এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগ ও শাখা অফিসের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক ও ডেপুটি গভর্নররা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের মোট ৯০টি বিভাগ ও শাখা অফিসের মধ্যে ৪১টি বিভাগ-শাখা অফিস নির্ধারিত সার্ভিস স্ট্যান্ডার্ড অনুযায়ী শতভাগ কাজ সময়মতো সম্পন্ন করেছে।

এছাড়া ৩২টি বিভাগ ও শাখা অফিস তাদের ৯০ শতাংশ কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করেছে। ১১টি বিভাগ-শাখা অফিস ৮০ থেকে ৮৯ শতাংশ এবং বাকি ছয়টি বিভাগ-শাখা অফিস ৬৭ থেকে ৭৯ শতাংশ কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করেছে বলে সভায় জানানো হয়।

সভায় গভর্নর জানান, বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের সঙ্গে জনগণের স্বার্থ সরাসরি জড়িত। তাই সেবার মানোন্নয়ন ও কার্যক্রমে গতি আনতে সার্ভিস স্ট্যান্ডার্ড কঠোরভাবে অনুসরণ নিশ্চিত করতে হবে। একইসঙ্গে যেসব বিভাগ ও শাখা অফিস নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ সম্পন্ন করতে পারেনি, তাদের কাজের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকলে তা দূর করতে বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ সহায়তা দেবে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, এখন থেকে প্রতি মাসে এই ধরনের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে এবং সার্ভিস স্ট্যান্ডার্ড বাস্তবায়নের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

/এমআর/