শিরোনাম

দেড় মাস পর ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

সিটিজেন ডেস্ক
দেড় মাস পর ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

প্রায় দেড় মাস পর আবারও বাণিজ্যিক ব্যাংক থেকে মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৫ এপ্রিল) একটি ব্যাংকের কাছ থেকে ৭০ মিলিয়ন ডলার কেনা হয়।

মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে অনুষ্ঠিত এ ক্রয়ে প্রতি ডলারের দর নির্ধারিত হয় ১২২ টাকা ৭৫ পয়সা।

এর আগে সর্বশেষ গত ২ মার্চ দুটি ব্যাংকের কাছ থেকে ২৫ মিলিয়ন ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক। ওই সময় প্রতি ডলারের দর ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে প্রবাসী আয়ের প্রবাহ বাড়ায় বৈদেশিক মুদ্রাবাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। চলতি বছরের মার্চে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স, যা এক মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর পরিমাণ বর্তমান বিনিময় হার অনুযায়ী ৪৬ হাজার কোটি টাকার বেশি।

চলতি মাসের ১ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত এসেছে ১৬০ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। আর জুলাই থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ২ হাজার ৭৮১ কোটি ডলারে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নয়নের কারণে প্রবাসী আয় বেড়েছে, যার ইতিবাচক প্রভাব পড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে।

সর্বশেষ তথ্যে, ১৫ এপ্রিল শেষে দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ ৩০ দশমিক ২০ বিলিয়ন ডলার।

/এসএ/