খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
বিশ্বব্যাংক

খাদ্য নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশকে ৩০ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)। ‘ইমার্জেন্সি সাপোর্ট ফর ফুড সিকিউরিটি প্রজেক্ট’ বাস্তবায়নে এই অর্থ ব্যয় করা হবে।

সোমবার (৫ অক্টোবর) এ অর্থায়নের জন্য বাংলাদেশ সরকার ও আইডিএর মধ্যে একটি চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী, ২১ কোটি ৯২ লাখ স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর) অর্থায়ন করা হবে, যা প্রায় ৩০ কোটি মার্কিন ডলারের সমান।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর জঁ পেম স্বাক্ষর করেন।

অর্থ বিভাগ (এফডি), বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

ইআরডি জানিয়েছে, প্রকল্পটির প্রধান উদ্দেশ্য হলো রোপণ মৌসুমে কৃষকদের, বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের, সাশ্রয়ী দামে সার সরবরাহ নিশ্চিত করা। এর মাধ্যমে দেশে খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নেওয়া হবে।

২৫ বছরে পরিশোধ করতে হবে ঋণ

চুক্তির শর্ত অনুযায়ী, উত্তোলন করা ঋণের ওপর বছরে ১ দশমিক ৫ শতাংশ সুদ দিতে হবে। পাশাপাশি অনুত্তোলিত অর্থের ওপর সর্বোচ্চ ০ দশমিক ৫০ শতাংশ কমিটমেন্ট ফি দেওয়ার বিধান রয়েছে। তবে বিশ্বব্যাংক দীর্ঘদিন ধরে বাংলাদেশকে এই ফি থেকে অব্যাহতি দিয়ে আসছে। চলতি অর্থবছরেও তা মওকুফ করা হয়েছে।

ঋণ পরিশোধের জন্য পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ২৫ বছর সময় পাওয়া যাবে।

বিশ্বব্যাংক বাংলাদেশের অন্যতম প্রধান বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী। ইআরডির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এই অর্থায়নের মাধ্যমে দুই পক্ষের সহযোগিতার সম্পর্ক আরও জোরালো হবে।

বর্তমানে বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সংস্কার, অবকাঠামো উন্নয়ন ও জ্বালানি খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

/এমআর/