শিরোনাম

তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক, শুরু হচ্ছে ‘উদ্যোগ’

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক, শুরু হচ্ছে ‘উদ্যোগ’
বাংলাদেশ ব্যাংক। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

দেশের প্রত্যন্ত অঞ্চল ও উপজেলা পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করতে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি উদ্যোগ (UDYOG)’ নামে এ কার্যক্রমের মাধ্যমে নির্বাচিত উদ্যোক্তাদের অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে এ কর্মসূচির আওতায় আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে ১৫ অক্টোবর পর্যন্ত। অন্যান্য জেলার অন্তর্ভুক্ত উপজেলার উদ্যোক্তাদের জন্য আবেদন গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১ থেকে ৩০ নভেম্বর।

আগ্রহী উদ্যোক্তারা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং দেশের সব তফসিলি ব্যাংকের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাঁদের ব্যবসায়িক উদ্যোগে অর্থায়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখাই এ কর্মসূচির উদ্দেশ্য।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর এ বিষয়ে জারি করা নির্দেশনায় অর্থায়নের কাঠামো তুলে ধরা হয়। এতে একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পেতে পারেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং ঋণের সমপরিমাণ, অর্থাৎ সর্বোচ্চ ১০ লাখ টাকা এককালীন অনুদান দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। ঋণ ও অনুদানের অর্থ একই সময়ে এককালীন দেওয়ার কথা বলা হয়েছে।

তবে ঋণের অর্থ পরিশোধ না করলে অনুদানের পুরো অর্থ ঋণে পরিণত হবে। অর্থাৎ অনুদানের সুবিধা ধরে রাখতে উদ্যোক্তাকে ঋণের সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে।

কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন ও সেবা খাতের ব্যবসায়ীরা এ সুবিধার আওতায় আসবেন। এ ছাড়া সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, প্রযুক্তিভিত্তিক স্টার্টআপসহ অন্যান্য বৈধ ব্যবসায়ও এ অর্থায়নের সুযোগ থাকবে।

কর্মসূচির আওতায় সর্বোচ্চ ২৮ বছর বয়সী তরুণ উদ্যোক্তারা অর্থায়ন পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।

/এমআর/