‘ডিসেম্বরে আগের অবস্থায় ফিরবে বাংলাদেশ’, আ.লীগ নেতাদের বার্তা পাঠান পুলিশ সুপার

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
‘ডিসেম্বরে আগের অবস্থায় ফিরবে বাংলাদেশ’, আ.লীগ নেতাদের বার্তা পাঠান পুলিশ সুপার
চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলম

চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং তাদের কাছে সরকারবিরোধী বার্তা পাঠানোর অভিযোগ উঠেছে। হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে পাঠানো এসব বার্তার তথ্য মামলার এজাহারেও উল্লেখ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরের পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাহাংগীর আলম চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার তারপাশা এলাকায়। তিনি ২৮তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন।

এর আগে শনিবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন রেঞ্জ রিজার্ভ ফোর্সের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল কাসেম চৌধুরী।

যেসব বার্তা পাঠানোর অভিযোগ

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৮ নভেম্বর রাতে নিজের ব্যক্তিগত মুঠোফোনের হোয়াটসঅ্যাপ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক পলাতক নেতার কাছে বার্তা পাঠান জাহাংগীর আলম।

রাত ৯টা ২৩ মিনিটে পাঠানো একটি বার্তায় তিনি লেখেন, ‘স্যার, আপনার জন্য শুভকামনা। ইনশা আল্লাহ, ডিসেম্বরে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যাবে। ভালো থাকবেন স্যার।’

একই দিন রাত ৯টা ৫৭ মিনিটে পাঠানো আরেকটি বার্তায় লেখা ছিল, ‘আসসালামু আলাইকুম স্যার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্যার, শুভ কামনা। রক্তের শেষ বিন্দু পর্যন্ত জয় বাংলার স্লোগান দিয়ে যাব। স্যার, ডিসেম্বরে জীবন-মরণ বাজি। জনগণ মৌমাছির মতো নামবে মাঠে।’

ওই বার্তায় আরও বলা হয়, ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তার বাবার নির্দেশে ছোটবেলাতেই রাজপথে নেমেছিলেন তিনি। বাংলাদেশকে উদ্ধার করতে হবে বলেও বার্তায় উল্লেখ করেন।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, জাহাংগীর আলমের মুঠোফোনে পাঠানো দুটি গুরুত্বপূর্ণ বার্তা পাওয়া গেছে। একটি বার্তায় ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসিত করার কথা বলা হয়েছে। অন্যটিতে ডিসেম্বরে জীবন বাজি রেখে সবাই মাঠে নামবে বলে উল্লেখ রয়েছে।

ফরেনসিক পরীক্ষায় তথ্য পাওয়ার দাবি পুলিশের

মামলার এজাহারে বলা হয়েছে, জাহাংগীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও সাংবিধানিক শাসনব্যবস্থার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য ও ডিজিটাল আলামত পাওয়া গেছে। তিনি টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতা এবং তাদের সহযোগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও অভিযোগ করা হয়, এসব ব্যক্তির সহায়তায় বর্তমান সরকার ও রাষ্ট্রব্যবস্থা উৎখাত করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার উদ্দেশ্যে অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রে যুক্ত ছিলেন তিনি।

ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, নির্ভরযোগ্য সূত্রে তথ্য পাওয়ার পর জাহাংগীর আলমের দুটি মুঠোফোন জব্দ করা হয়। পরে তদন্ত কমিটি গঠন করে সেগুলোর ফরেনসিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা পাওয়ার পর অনুসন্ধান প্রতিবেদন তৈরি এবং মামলা করার উদ্যোগ নেওয়া হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক অনুসন্ধানের প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। জাহাংগীর আলমকে সাময়িক বরখাস্ত এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার বিষয়টিও প্রক্রিয়াধীন। এ ঘটনায় পুলিশের অন্য কোনো কর্মকর্তা জড়িত কি না, তা নিয়মিত ও বিভাগীয় তদন্তে বেরিয়ে আসবে।

অভিযোগ অস্বীকার স্ত্রীর

তবে জাহাংগীর আলমকে ষড়যন্ত্র করে মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন তার স্ত্রী মাসুমা আক্তার। তার অভিযোগ, স্বামীর মুঠোফোন হ্যাক করে এসব বার্তা পাঠানো হয়েছে।

রবিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বামীর রিমান্ড শুনানি শেষে সাংবাদিকদের তিনি বলেন, তার স্বামী নির্দোষ। কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন না। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

চার দিনের রিমান্ড

রবিবার বেলা তিনটার দিকে কঠোর পুলিশ পাহারায় জাহাংগীর আলমকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক রাসেল মাহমুদ তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। চট্টগ্রাম মহানগর দায়রা আদালতের সরকারি কৌঁসুলি মফিজুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে এখনো ভারতের সাড়া পাওয়া যায়নি। এর মধ্যে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি দিয়েছেন তিনি।

/এমআর/