মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, বাঁচাতে যাওয়ায় চাচিকে কুপিয়ে হত্যা

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা সংবাদদাতা
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, বাঁচাতে যাওয়ায় চাচিকে কুপিয়ে হত্যা
সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার কাঁচড়াকাটি গ্রামের মধুসূদন মণ্ডলের স্ত্রী সুধারানী মণ্ডলকে কুপিয়ে হত্যার পর তাদের বাড়ির সামনে মানুষের ভিড়। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

সাতক্ষীরার শ্যামনগরে এক যুবকের বিরুদ্ধে তার চাচিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মাদকের টাকা না পেয়ে ওই যুবক তার মাকে কোপাতে যান। তাকে বাঁচাতে গেলে ওই যু্বক তার চাচির গলায় দা দিয়ে কোপ দেন। এতে তিনি নিহত হন। পুলিশ ও স্থানীয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে শ্যামনগর পৌরসভার কাঁচড়াকাটি গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় মারা যাওয়া সুধারানী মণ্ডল (৫৮) কাঁচড়াকাটি গ্রামের মধুসূদন মণ্ডলের স্ত্রী। তাকে হত্যার অভিযোগে মধুসূদন মণ্ডলের বড় ভাই শ্রীধাম মণ্ডলের ছেলে রমেশ মণ্ডলকে (৩৮) আটক করা হয়েছে।

এ ঘটনায় রমেশের মা কমলা রানী মণ্ডল (৫০) এবং তার চাচাতো ভাই সমীর কুমার মণ্ডল আহত হয়েছেন।

শ্যামনগর থানার পুলিশ ও স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে , রমেশ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। আজ সকালে রমেশ তার মা কমলা রানীর কাছে মাদক কেনার জন্য টাকা চায়। এ নিয়ে মায়ের সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে তিনি দা নিয়ে তার মাকে কোপাতে যান। এ সময় চাচি সুধারানী মণ্ডল ও তার ছেলে সমীর তাকে রক্ষা করতে গেলে রমেশ দা নিয়ে তাদের ওপর হামলা চালান। এই সময় রমেশের দায়ের কোপে সুধারানী, কমলা রানী এবং সমীর আহত হন।

পরে প্রতিবেশী ও স্বজনরা আহত ব্যক্তিদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। এই সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুধারানীকে মৃত ঘোষণা করেন। হামলায় আহত সমীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কমলা রানী বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

নাম প্রকাশ না করার শর্তে রমেশের এক প্রতিবেশী বলেন, মাদকের টাকার জন্য রমেশ প্রায়ই তার মা ও স্ত্রীকে বিরক্ত করতেন। বুধবার রাতেও এ নিয়ে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। সকাল থেকেই সে (রমেশ) উত্তেজিত ছিলেন।

হাসপাতালে চিকিৎসাধীন রমেশের মা কমলা রানী মণ্ডল তাঁর ছেলের বিষয়ে অবশ্য ভিন্ন অভিযোগ করেছেন। তিনি জানান, রমেশ কোনো কাজ করত না। এ নিয়ে বকাবকি করায় বুধবার রাতেও সে বাড়িতে ঝামেলা করেছে। আজ সকালেও একই বিষয়ে নিয়ে তিনি ও তার ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রমেশ মণ্ডলকে আটক করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

/বিবি/