সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক এসবি প্রধান মো. মনিরুল ইসলাম

সাবেক স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান ও সাবেক অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব অ্যাকাউন্টে বর্তমানে মোট ১৯ কোটি ৪৭ লাখ টাকা রয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমি এ আদেশ জারি করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ আদেশ পাওয়া অন্য ব্যক্তিরা হলেন- মনিরুল ইসলামের স্ত্রী ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা, তার শ্যালক রেজাউল আলম শাহীন এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পা।

এর আগে দুদকের উপপরিচালক ও অনুসন্ধান দলের প্রধান মোজাম্মিল হোসেন এসব অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আদালতে আবেদন জানান। আবেদনে উল্লেখ করা হয়, মনিরুল ইসলামের ১১টি হিসাবে ৭৮ লাখ ৬০ হাজার ৭২৮ টাকা এবং ৩ হাজার ৯৭৮ ব্রিটিশ পাউন্ড, তার স্ত্রী সায়লা ফারজানার ৫টি হিসাবে ৮ লাখ ২ হাজার ৬৭০ টাকা, শ্যালক শাহীনের ৪০টি হিসাবে ১০ কোটি ৬০ লাখ ৩৭ হাজার ৩৮২ টাকা এবং শাহীনের স্ত্রী টুম্পার ২৭টি হিসাবে ৮ কোটি ২২ লাখ ৫১ টাকা জমা রয়েছে।

আবেদনে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা একে অপরের যোগসাজশে প্রায় ২৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া জঙ্গিবাদের তকমা লাগিয়ে ‘কুয়েত সোসাইটি ফর রিলিফ’ ও ‘শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল’ নামের দুটি এনজিওর নিয়ন্ত্রণ নিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়াসহ পদ-পদবির অপব্যবহার ও নানাবিধ দুর্নীতির মাধ্যমে নিজেদের ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়েছেন।

প্রাথমিক অনুসন্ধানের তথ্যানুযায়ী, মনিরুল ইসলাম ও তার পরিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ সম্পদ অর্জন করে ভোগদখলে রয়েছেন। তদন্তের স্বার্থে নথিপত্র ঘেঁটে তাদের নামে এসব ব্যাংক হিসাবের সন্ধান মেলে। দুদকের কাছে তথ্য ছিল, তারা হিসাবগুলো থেকে টাকা তুলে বিদেশে পাচার করার পরিকল্পনা করছেন। এ সম্পদ হাতবদল বা অন্য কোথাও সরিয়ে ফেলা হলে রাষ্ট্রের মারাত্মক ক্ষতি হবে- এমন আশঙ্কা থেকেই জরুরি ভিত্তিতে এসব ব্যাংক হিসাব ফ্রিজ করার আবেদন করা হয়।

/এমএকে/