শিরোনাম

সাবেক ভূমিমন্ত্রীর ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সাবেক ভূমিমন্ত্রীর ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত শিশির মুন্না।

আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের ফেসবুক পেজের এডমিন শিশির মুন্নাকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (১৭ জুন) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

এর আগে, গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি জানায়, কাতারে সরকারি প্রকল্পে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে গ্রেপ্তারকৃত শিশির মুন্না ও তার সহযোগীরা এক ব্যবসায়ীর কাছ থেকে ১১ লাখ ২৭ হাজার টাকা গ্রহণ করে। পরবর্তীতে তারা ভুক্তভোগীকে জাল ভিসা ও নকল বিমান টিকিট সরবরাহ করে।

প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী টাকা ফেরত চাইলে অভিযুক্তরা টালবাহানা শুরু করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে একটি মামলা করা হয়।

ডিবি আরও জানায়, তৎকালীন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের নাম ব্যবহার করে বিদেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে জাল ভিসা ও নকল বিমান টিকিট সরবরাহের মাধ্যমে শিশির মুন্না প্রতারণা করতেন। এছাড়া ব্যবসায়িক বিনিয়োগের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর শিশির মুন্না কাতারে চলে যান। পরে ২০২৫ সালের এপ্রিল মাসে দেশে ফিরে এসে পুনরায় প্রতারণামূলক কর্মকাণ্ড শুরু করেন। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি গ্রেফতারি পরোয়ানাও মুলতবি রয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তারকৃত শিশির মুন্নার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

/এফআর/