শিরোনাম

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন স্থগিত

সিটিজেন ডেস্ক
বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন স্থগিত
ছবি: সংগৃহীত

দেশব্যাপী চলমান তীব্র জ্বালানি সংকটের কারণে আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন-২০২৬ স্থগিত করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জ্বালানি সংকটের কারণে সাধারণ আসনের ৭টি ও আঞ্চলিক আসনের ৭টি পদের প্রার্থীদের দেশব্যাপী নির্বাচনী প্রচারণা কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর পাশাপাশি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন বার সমিতির পক্ষ থেকে প্রাপ্ত আবেদন ও অনুরোধসমূহ যথাযথভাবে বিবেচনা করে গত ২ এপ্রিলের কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত এ ভোটগ্রহণ স্থগিত করা হলো।

এর আগে গত ২ এপ্রিল বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে ১৯ মে নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছিল। সেই সভায় সভাপতিত্ব করেছিলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে কোনো নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় বর্তমানে অ্যাডহক কমিটির মাধ্যমে এই প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। স্থগিত হওয়া নির্বাচনের পরবর্তী তারিখ বা পরবর্তী করণীয় সম্পর্কে বিজ্ঞপ্তিতে আপাতত কিছু জানানো হয়নি।

/এমএকে/