শিরোনাম

এবার ৩৮ বিচারককে বদলি

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
এবার ৩৮ বিচারককে বদলি
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৩৮ জন বিচারকের কর্মস্থল পরিবর্তন করেছে সরকার। এর মধ্যে চারজন বিচারককে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। পাশাপাশি আরও ৩৪ জন বিচারককে বিভিন্ন জেলায় ও আদালতে বদলি করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন দুটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসের চার সদস্যকে সিনিয়র সিভিল জজ পদ থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পাশাপাশি তাদের নতুন কর্মস্থলেও পদায়ন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নতুন দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে পৃথক আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৩৪ জন বিচারককে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বিচারকদের দায়িত্ব হস্তান্তর ও নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বর্তমানে কর্মরত বিচারকদের আগামী ৭ জুলাইয়ের মধ্যে তাদের দপ্তরপ্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে দায়িত্বভার হস্তান্তর করতে হবে। এরপর তারা নতুন কর্মস্থলে যোগদান করবেন।

তবে যেসব বিচারক বর্তমানে প্রশিক্ষণে রয়েছেন অথবা ছুটিতে আছেন, তারা প্রশিক্ষণ বা ছুটি শেষ হওয়ার পর দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দেবেন।

আইন মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

/এমআর/