শিরোনাম

স্ত্রীসহ সাবেক বিমানবাহিনী প্রধানের আয়কর নথি জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
স্ত্রীসহ সাবেক বিমানবাহিনী প্রধানের আয়কর নথি জব্দের নির্দেশ
ছবি: সিটিজেন জার্নাল

দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের পৃথক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান আদালতে আবেদন করে বলেন, শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী করদাতা। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর নথি খোলার সময় থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত স্থায়ী ও বিবিধ অংশসহ সব নথি জব্দ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

২০২১ সালের ১২ জুন এয়ার ভাইস মার্শাল থেকে পদোন্নতি পেয়ে বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব নেন শেখ আব্দুল হান্নান। তিনি ২০২৪ সালের ১১ জুন অবসরে যান।

শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৫ সালের ৫ মে আদালত হান্নান ও তার পরিবারের তিন সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন। পরদিন তার জমি, বাড়ি ও ফ্ল্যাট জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়। পরে ২৪ মে পরিবারের সদস্যদের নামে থাকা ৩৮টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।

/এসএ/