তাহসিফ হত্যা মামলা: দীপের ৭ দিনের রিমান্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
তাহসিফ হত্যা মামলা: দীপের ৭ দিনের রিমান্ড আবেদন
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির সঙ্গে শাহরিয়ার রেজা দীপ

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন।

প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম জানিয়েছেন, দুপুর ৩টার দিকে এ শুনানি অনুষ্ঠিত হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ অক্টোবর) রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে থাকা দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে, মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্টের কবরী ভবনের নিচে থাকা সিসিটিভি ফুটেজে তাহসিফকে দেখা যায়। বাসা থেকে বেরিয়ে তিনি তার এলাকার পূর্বপরিচিত শাহরিয়ার রেজা দীপের সঙ্গে কুশল বিনিময় করেন। কিছুক্ষণ পর নষ্ট মোটরসাইকেলটি ঠেলে নিয়ে আসেন। পরে মোটরসাইকেলটি চালু করে সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে দীপকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হন তিনি।

এরপর থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ। পরদিন বুধবার (২৮ অক্টোবর) উত্তরখানের তুরাগ নদীর রাজবাড়ী ঘাট এলাকায় কচুরিপানার নিচে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।

উদ্ধারের সময় মরদেহের পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই ফোনে একটি কল আসার পর পরিচয় শনাক্তের সূত্র পাওয়া যায়। পরে জানা যায়, মরদেহটি নিখোঁজ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির।

পরিবারের সদস্যরা জানান, ২৭ অক্টোবর সন্ধ্যায় মায়ের সঙ্গে কেনাকাটা শেষে বাসায় ফেরেন তাহসিফ। পরে দীপের সঙ্গে বেরিয়ে যান। সর্বশেষ বাবার সঙ্গে কথা হয় তার। শুধু বলেছিলেন, ‘আসছি’। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

তাহসিফের বাবা বলেন, ছেলের মৃত্যুর ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে আমি কিছু জানেন না। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ সম্পর্কেও আমি জানি না। শৃঙ্খলাজনিত কারণে তাহসিফকে বিমানবাহিনী থেকে স্বেচ্ছায় অবসরে পাঠানো হয়েছিল।

/এসবি/