জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড-সম্পত্তি বাজেয়াপ্ত চেয়েছেন অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড-সম্পত্তি বাজেয়াপ্ত চেয়েছেন অ্যাটর্নি জেনারেল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান

শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত চেয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের সময় এ আবেদন জানান তিনি।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে মামলার কার্যক্রম সরাসরি সম্প্রচার করে। এদিকে, কারাগার থেকে ভার্চুয়ালি বিচারকাজে হাজির ছিলেন জিয়াউল আহসান।

এর আগে, এদিন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি চাওয়া হবে। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, আইনে একজন ব্যক্তির জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান থাকলে সেটিই চাওয়া হবে।

তিনি বলেন, এ মামলায় প্রসিকিউশনের পক্ষে ১৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের সাক্ষ্য ও মামলার নথিপত্র পর্যালোচনা করে আইনে নির্ধারিত সর্বোচ্চ সাজা যেন জিয়াউল আহসানকে দেওয়া হয়, যুক্তিতর্কে সেই আবেদন জানানো হবে।

অ্যাটর্নি জেনারেল বলেন, আন্তর্জাতিক অপরাধের বিচারে বিভিন্ন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ও অন্যান্য দেশের নিজস্ব বিচারব্যবস্থায় প্রতিষ্ঠিত নজিরগুলো পর্যালোচনা করেছি। সেসব নজির আদালতে তুলে ধরবো। এছাড়া ট্রাইব্যুনালের নিরপেক্ষতা, বিচারিক দক্ষতা ও বিচারপ্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে যেসব প্রশ্ন তোলা হয়, সেগুলোর জবাবও বিভিন্ন দেশের আদালত ও আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তের আলোকে তুলে ধরা হবে।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে এই মামলার বিচার বিশেষ তাৎপর্যপূর্ণ। এরই মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য মামলায় রায় দিয়েছেন এই ট্রাইব্যুনাল। তবে গুম ও পদ্ধতিগতভাবে সংঘটিত অপরাধের বিভীষিকা নিয়ে এই বিচারপ্রক্রিয়া আলাদা গুরুত্ব বহন করছে। গুমের মতো পদ্ধতিগত অপরাধের বিচার সম্পন্ন হওয়া একটি নতুন নজির হয়ে উঠবে।

/এসবি/