শিরোনাম

ইলিয়াস আলী ‘গুম’: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে পরোয়ানা জারি

আদালত সংবাদদাতা
আদালত সংবাদদাতা
ইলিয়াস আলী ‘গুম’: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে পরোয়ানা জারি
সাইফুর রহমান

বিএনপি নেতা ইলিয়াস আলীকে ‘গুমের’ অভিযোগে করা মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের আবেদনে রবিবার (৯ আগস্ট) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। ট্রাইব্যুনালের প্রসিকিউটর এস এম তাসমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ২১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েস। জবানবন্দিতে দেড় দশক আগে ইলিয়াস আলীর গুম ও হত্যার ঘটনায় সাইফুর রহমানের নাম আসে। এরপর ২৬ জুলাই রাতে তাকে নিজ বাসা থেকে আটক করে বিশেষ সামরিক পুলিশ শাখা (প্রভোস্ট)। পরে বাহিনীর বিশেষ সেলে হেফাজতে রাখা হয়।

প্রসিকিউশন গত বৃহস্পতিবার (৬ জুলাই) সাইফকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে। সেই অনুযায়ী রবিবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো।

তবে সেনা হেফাজতে থাকায় তাকে আর নতুন করে গ্রেপ্তার করার প্রয়োজন হবে না। ওই পরোয়ানা জারির ফলে তাকে ট্রাইব্যুনালে তোলা হবে এবং এ মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হবে।

২০১২ সালের ১৭ এপ্রিল গভীর রাতে রাজধানীর বনানী এলাকা থেকে ইলিয়াস আলী ও তার গাড়িচালককে তুলে নেওয়া হয়। এরপর তাদের আর খোঁজ মেলেনি।

বিএনপি নেতাদের অভিযোগ, তৎকালীন আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশেই ইলিয়াস আলীকে ‘গুম’ করা হয়। আর প্রসিকিউশনের ভাষ্য, র‌্যাবের গোয়েন্দা শাখা এতে সরাসরি জড়িত ছিল।

বিমান বাহিনীর তখনকার স্কোয়াড্রন লিডার সাইফুর রহমান সে সময় র‌্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন।

সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের জামাতা সাইফ সর্বশেষ বিমান সদর দপ্তরের ‘ডিরেক্টরেট অব এয়ার ট্রেনিং’-এর ডেপুটি ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

/এফসি/