শিরোনাম

শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় সাক্ষ্য দেবেন ইসলামিক টিভির এমডি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় সাক্ষ্য দেবেন ইসলামিক টিভির এমডি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফাইল ছবি

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেবেন ইসলামিক টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামস এস্কান্দার।

সোমবার (১৮ মে) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের সঙ্গে দেখা করার পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে। ট্রাইব্যুনালের এই সংক্রান্ত মামলার তদন্ত চলাকালীন চিফ প্রসিকিউটরের সঙ্গে দেখা করতে যান ইসলামিক টিভির ব্যবস্থাপনা পরিচালক।

শামস এস্কান্দার সাংবাদিকদের বলেন, শাপলা চত্বরের ঘটনা নিয়ে চিফ প্রসিকিউটরের সঙ্গে কথা বলতে এসেছিলেন। ওই দিন কী ঘটেছিল, তা জানার জন্য তাদের ডাকা হয়েছিল।

২০১৩ সালের ৫ মে রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শাপলা চত্বরে অভিযান চালিয়ে হেফজতের সমাবেশ পণ্ড করে দেয় । এই সময় ইসলামিক টিভির সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

শামস এস্কান্দার বলেন, ওই রাতে সরকারের বিভিন্ন বাহিনীর সদস্যরা গিয়ে তাঁদের অফিস ভেঙে ফেলে। ওই দিনই ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। এসব বিষয়ে তাদের কী বলার আছে, তা চিফ প্রসিকিউটর জানতে চান।

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকা-ের ঘটনায় করা মামলায় সাংবাদিকদের মধ্যে একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ বিষয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, তদন্তে গণমাধ্যমের অন্য কারও নাম এলে, তাদেরও আসামি করা হবে। এছাড়া সে সময়ের ভুক্তভোগী সাংবাদিকেরাও সাক্ষ্য দিতে পারেন।

এই ঘটনায় হওয়া মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হককে আসামি করা হয়েছে। এ ছাড়া এ মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, হাসান মাহমুদ খন্দকার ও বেনজীর আহমেদ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলামও আসামি।

/বিবি/