শিরোনাম

একরাম হত্যা মামলায় বদিসহ ৪ আসামিকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
একরাম হত্যা মামলায় বদিসহ ৪ আসামিকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
সাবেক এমপি আবদুর রহমান বদি ও একরামুল হক

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে পৌর কাউন্সিলর একরামুল হককে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিসহ চার আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

শুনানি শেষে মঙ্গলবার (২৫ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এ আদেশ দেন।

কারাগারে পাঠানো বাকি তিন আসামি হলেন- ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম ও র‍্যাবের সাবেক মহাপরিচালক আনোয়ার লতিফ খান। মিফতাহসহ চার জনই আজ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

শুনানিতে প্রসিকিউটর অলি ট্রাইব্যুনালকে বলেন, এ মামলায় গত ২৬ জুলাই শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তিনজনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ও সাতজনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ চারজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গ্রেফতারি পরোয়ানা পাওয়া বাকি সাতজনের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় গিয়েও হদিস পাওয়া যায়নি। তাদের সবারই নন-এক্সিকিউশন রিপোর্ট বা এনইআর এসেছে।

এ সময় ট্রাইব্যুনালে হাজির করা চারজনকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর পাশাপাশি বাকি সাতজনকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন জানান প্রসিকিউটর অলি মিয়া।

/টিই/