সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ: অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন, মেজর সিনহা হত্যাকাণ্ড ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

রবিবার (১৮ অক্টোবর) এ তথ্য জানান তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন, মেজর সিনহা হত্যাকাণ্ড ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলা হাইকোর্টের রায়ের পর আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। অবকাশকালীন ছুটি শেষে আদালত খুললে মামলাগুলোর দ্রুত শুনানির ব্যবস্থা করা হবে।

দেশের আলোচিত হত্যাকাণ্ডগুলোর মধ্যে এই মামলা ৩টি অন্যতম। এসব মামলায় বিচারিক আদালতের রায়ের পর হাইকোর্টেও শুনানি শেষে দণ্ড বহাল রাখা হয়েছে। বর্তমানে মামলাগুলো আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

২০১৭ সালের ২২ আগস্ট নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় রায় ঘোষণা করেন হাইকোর্ট। ওই রায়ে বিচারিক আদালতের দেওয়া ২৬ জনের মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। মামলাটি দীর্ঘদিন ধরে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালের ২ জুন মেজর সিনহা হত্যা মামলার রায় দেন হাইকোর্ট। ওই রায়ে টেকনাফ থানার বরখাস্ত হওয়া তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস এবং বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। হাইকোর্টের এ রায়ের পর মামলাটি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

এ ছাড়া, ২০২৫ সালের ১৬ মার্চ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা করেন হাইকোর্ট। ওই রায়ে বিচারিক আদালতের দেওয়া ২০ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়। এ মামলাটিও বর্তমানে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

/এসবি/