শাপলা চত্বর হত্যাকাণ্ড

দীপু মনি, লতিফ সিদ্দিকী, ইনুসহ ১১ আসামি ট্রাইব্যুনালে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দীপু মনি, লতিফ সিদ্দিকী, ইনুসহ ১১ আসামি ট্রাইব্যুনালে
(বাঁ থেকে) সাবেক মন্ত্রী দীপু মনি ও আবদুল লতিফ সিদ্দিকী এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হওয়া হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী দীপু মনি ও আবদুল লতিফ সিদ্দিকীসহ গ্রেপ্তার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকালে কড়া পুলিশি নিরাপত্তায় বিভিন্ন কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ৪১ জন। তবে ৩০ জনই পলাতক।

ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এদিন আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশনের শুনানির দিন ধার্য রয়েছে।

আদালত প্রাঙ্গণে দীপু মনি
আদালত প্রাঙ্গণে দীপু মনি

ইনু, দীপু মনি ও লতিফ সিদ্দিকী ছাড়াও আজ ট্রাইব্যুনালে হাজির করা অন্য আসামিরা হলেন– সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা।

মামলার পলাতক ৩০ আসামির মধ্যে উল্লেখযোগ্য হলেন– সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, তৎকালীন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম, মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগের তৎকালীন চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ এবং গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

আদালত প্রাঙ্গণে লতিফ সিদ্দিকী
আদালত প্রাঙ্গণে লতিফ সিদ্দিকী

পলাতকদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন– সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ, র‍্যাবের তৎকালীন মহাপরিচালক মোখলেছুর রহমান, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, র‍্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক লে. জেনারেল মজিবুর রহমান, সাবেক ডিআইজি হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকারসহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

এর আগে, গত ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২। তাদের স্থায়ী-অস্থায়ী ঠিকানায় গিয়েও হদিস মেলেনি জানিয়ে প্রসিকিউশনের কাছে নন-এক্সিকিউশন রিপোর্টে (এনইআর) দাখিল করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আদালত প্রাঙ্গণে হাসানুল হক ইনু
আদালত প্রাঙ্গণে হাসানুল হক ইনু

পরবর্তীতে ১৬ সেপ্টেম্বর আত্মসমর্পণ না করায় ৩০ আসামিকে পলাতক দেখিয়ে সরকারি খরচে আইনজীবী নিয়োগের আদেশ দেওয়া হয়। একইসঙ্গে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে পলাতকদের নামে পরোয়ানা ও গ্রেপ্তারদের হাজিরের নির্দেশ দেওয়া হয়।

এ মামলায় দুটি অভিযোগের মধ্যে প্রথমটিতে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ঢাকায় ৩২ জনকে হত্যার ঘটনা আনা হয়। দ্বিতীয় অভিযোগে আনা হয়েছে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনা।

/এফআর/