শিরোনাম

আগামী দুই বছরের মধ্যে চালু হবে ঠাকুরগাঁও বিমানবন্দর: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও সংবাদদাতা
ঠাকুরগাঁও সংবাদদাতা
আগামী দুই বছরের মধ্যে চালু হবে ঠাকুরগাঁও বিমানবন্দর: মির্জা ফখরুল
ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন শেষে এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সিটিজেন জার্নাল

এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের তরুণ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের তিন মাসের মধ্যে বাংলাদেশে আমূল পরিবর্তনে কাজ শুরু করে দিয়েছেন। বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন শেষে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

এলজিআরডি মন্ত্রী বলেন, তারেক রহমান নির্বাচনী জনসভায় এসে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করার কথা বলেছেন। আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এখানে পরিদর্শনে এসেছেন। আগামী দুই বছরের মধ্যে এ বিমানবন্দর চালুর উদ্যোগ নিয়েছেন। 

তিনি বলেন, নির্বাচনের আগে আমাদের তরুণ নেতা যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন। তিনি নির্বাচনের তিন মাসের মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খননসহ সকল উন্নয়নমূলক কাজের উদ্যোগ নিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন বেসামারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী রশিদুজ্জামান জামান মিল্লাত, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ও জেলা বিএনপির শীর্ষ নেতারা।

/এসআর/