শিরোনাম

নিখোঁজের ৩ দিন পর ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিখোঁজের ৩ দিন পর ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার
ইউসুফ খান। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর ইউসুফ খান (৩২) নামের এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামের একটি ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইউসুফ খান ঘাগরাই গ্রামের দুলাল খানের ছেলে। তিনি মাটির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং আজগানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় বাড়ির পাশের মাটি কাটার সাইট দেখতে গিয়ে নিখোঁজ হন ইউসুফ। পরে তাকে না পেয়ে তার বোন পান্না আক্তার মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পুলিশ জানায়, ঘটনার সূত্র ধরে একই গ্রামের আলমগীরের ছেলে রিজন এবং সৌদি প্রবাসী হানিফকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ঘাগরাই গ্রামের আলমাসের ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে ইউসুফ খানের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, মাটির ব্যবসা সংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। জানা গেছে, শনিবার একটি মাটিভর্তি ড্রাম ট্রাকের ধাক্কায় হানিফের একটি গাছ ভেঙে গেলে ইউসুফের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিখোঁজের ঘটনায় আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

/এসএ/