শিরোনাম

সিলেটে হামের উপসর্গ নিয়ে একদিনে রেকর্ড ৫ শিশুর মৃত্যু

সিলেট সংবাদদাতা
সিলেটে হামের উপসর্গ নিয়ে একদিনে রেকর্ড ৫ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

সিলেটে হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর হার দিন দিন বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় বিভাগটিতে হামের উপসর্গ নিয়ে রেকর্ড পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এতে সিলেটে হাম ও উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। শুক্রবার (২২ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

মারা যাওয়া ৫ শিশু হলো– সিলেটের শিববাড়ি উপজেলার জয়নপুর এলাকার বাহরাম আহমেদের ছেলে রাশেদ আহমেদ (১), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হোসেনপুর গ্রামের আব্দুল মালিকের মেয়ে রাইসা (০.৫), সুনামগঞ্জের ছাতক উপজেলার ইশাক মিয়ার ছেলে আলী আফসান (৬), দিরাই উপজেলার জগদল এলাকার মুসাদ্দিক মিয়ার মেয়ে ​মুসলিমা (০.১০), সুনামগঞ্জ সদর এলাকার শামিমা (৪)।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। একই সময়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

হামের উপসর্গ নিয়ে একদিনে পাঁচ শিশুর মৃত্যু এটিই প্রথম। এর আগে একদিনে সর্বোচ্চ তিনজন পর্যন্ত শিশুর মৃত্যু হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগটিতে নতুন করে আরও ৭৪ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এতে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৮৩ শিশু চিকিৎসাধীন রয়েছে।

/এফআর/