শিরোনাম

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সিলেট সংবাদদাতা
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে সিলেটে কয়েক ঘণ্টার ব্যবধানে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এতে সিলেটে হাম ও উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। শুক্রবার (৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মাহবুবুল আলম।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টার মধ্যে হামের উপসর্গ নিয়ে তিন শিশু মৃত্যুবরণ করেছে। তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) চিকিৎসাধীন ছিল।

মৃত শিশুদের মধ্যে আট মাস বয়সী মাহদী হাসান সিলেট নগরীর আখালিয়া এলাকার আবদুল মুমিনের ছেলে। এছাড়া সাত মাস বয়সী শিশু জারা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার জাকারিয়ার মেয়ে এবং ছয় মাস বয়সী মুস্তাকিম শান্তিগঞ্জ উপজেলার আসামপুর গ্রামের সুনু মিয়ার ছেলে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. হেদায়েত হোসেন জানান, হামের প্রাদুর্ভাবে সিলেটে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বেশির ভাগ শিশু ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। এসব শিশুর হামের সঙ্গে নিউমোনিয়া ও নানা জটিলতা ছিল।

তিনি আরও বলেন, এই রোগীগুলো কেউই হামের টিকা দেয়নি। একমাত্র টিকা দেওয়া ছাড়া এটার বিস্তার রোধে আপাতত আর কোনও বিকল্প নেই।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মাহবুবুল আলম বলেন, হামের রোগী দিন দিন বাড়ছে। টিকা ছাড়া এই রোগ প্রতিরোধের কার্যকর কোনো বিকল্প নেই। ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সব শিশুকে টিকা দিতে হবে।

সিলেট বিভাগের সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. নুরে আলম শামীম জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৩৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় আরও ৬৬ জন নতুন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

/এফআর/