শিরোনাম

নির্বাচনে বাজি ধরে পেলেন মহিষ, গ্রামে উৎসবের আনন্দ

শেরপুর সংবাদদাতা
নির্বাচনে বাজি ধরে পেলেন মহিষ, গ্রামে উৎসবের আনন্দ
না‌লিতাবাড়ী‌তে ধা‌নের শীষ জেতায় বা‌জির ম‌হিষ নি‌য়ে গ্রামে আনন্দ মিছিল। ছবি: সংবাদদাতা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশী গ্রামের বাসিন্দা আবদুল মান্নান। পার্শ্ববর্তী বালুঘাটা গ্রামের আমীর হোসেনের সঙ্গে নির্বাচনী ফলাফল নিয়ে তিনি একটি বাজি ধরেছিলেন। এই বাজি ধরা নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে কৌতূহল।

বাজির শর্ত ছিল, শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে আমীর হোসেনকে ৫টি মহিষ দেবেন আবদুল মান্নান। আর ধানের শীষ প্রতীক বিজয়ী হলে তিনি পাবেন একটি মহিষ।

এই আসনে নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। আর ১১ দলীয় ঐক্যের জামায়াতে ইসলামীর প্রার্থী মু. গোলাম কিবরিয়া দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করেন।

বৃহস্পতিবার ভোট গণনা শেষে ধানের শীষের প্রার্থী ফাহিম চৌধুরী বিজয়ী হওয়ায় বাজিতে পরাজিত হন আমীর হোসেন। বাজির শর্ত অনুযায়ী, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে ফুলের মালা দিয়ে সাজানো বাজির মহিষ বুঝে নেন আব্দুল মান্নান।

এসময় উত্তর নাকশী গ্রামজুড়ে সৃষ্টি হয় উৎসবের পরিবেশ। শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ ভিড় করেন বাজির মহিষ দেখতে।

স্থানীয়রা জানান, নির্বাচনী উত্তাপের মধ্যে এই বাজি ধরা বিনোদনের খোরাক জুগিয়েছে।

কলসপাড় ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মজিদ বলেন, আমীর হোসেন ও আবদুল মান্নানের মধ্যে নানা-নাতির সম্পর্ক। তারা মজার ছলে বাজি ধরেছিলেন। আব্দুল মান্নান বাজিতে পাওয়া মহিষটি বুঝে পেয়েছেন।

/এসআর/