শিরোনাম

আবাসিক ভবনে ১৮ হাজার লিটার ডিজেল, দুই ব্যবসায়ীকে জরিমানা

শেরপুর সংবাদদাতা
আবাসিক ভবনে ১৮ হাজার লিটার ডিজেল, দুই ব্যবসায়ীকে জরিমানা
আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে ডিজেল মজুত। ছবি: সংগৃহীত

শেরপুর শহরে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে আবাসিক ভবনে ডিজেল মজুত রাখার অভিযোগে মেসার্স শিমলা ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে এক দিনের মধ্যে মজুতকৃত ১৮ হাজার লিটার তেল ও ট্যাংক সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে শহরের গোপালবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে আবাসিক ভবনের নিচতলায় তেলের ট্যাংক বানিয়ে ডিজেল মজুত করে নয়ানী বাজারে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালায় শেরপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে আবাসিক ভবনে ডিজেলের মজুতের অপরাধে ওই দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড এবং একদিনের মধ্যে তেল ও ট্যাংক সরানোর নির্দেশ দেন।

শেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, নিয়ম না মেনে দাহ্য পদার্থ বিক্রির অপরাধে মেসার্স শিমলা ট্রেডার্সকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আর মজুতকৃত ডিজেলগুলো শুক্রবার বিকালে মধ্যে সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

/এসআর/