শিরোনাম

ভিডিও ভাইরাল: এমপি নজরুলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা সংবাদদাতা
ভিডিও ভাইরাল: এমপি নজরুলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

বুধবার (২২ জুলাই) দুপুরে শ্যামনগরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শ্যামনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বিক্ষোভকারীদের অনেকের হাতে গাজী নজরুল ইসলামের ছবি ও ঝাড়ু দেখা যায়। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

মিছিলে অংশ নেওয়া বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কয়েকজন বলেন, ‘আমাদের কাছ থেকে ভোট নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমরা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানাই।’

মানববন্ধনে সংহতি জানিয়ে নারী নেত্রী নুরজাহান পারভীন ঝর্ণা বলেন, ‘আমরা নারীদের নিরাপত্তা চাই। বড় বড় কথা বললেই হবে না, নারীদের প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে।’

পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদুল ইসলাম বলেন, ‘জনগণ পরিবর্তনের আশায় ভোট দিয়েছিলো, কিন্তু একের পর এক বিতর্কে তারা আজ প্রতারিত বোধ করছে। আমরা ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই।’

নাগরিক নেতা অধ্যক্ষ আবু সাইদ বলেন, ‘প্রথমে ছবি ছড়িয়ে পড়লে সেটিকে এআই দিয়ে তৈরি বলে দাবি করা হয়েছিলো। কিন্তু পরবর্তীতে একের পর এক ভিডিও প্রকাশ এবং এমপি নিজেই ফেসবুকে ওই নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি করার পর পরিস্থিতি বদলে যায়। এমন কী স্থানীয়দের হাতে ধরা পড়ার ভিডিও ছড়িয়ে পড়ে পুরো শ্যামনগরের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আমরা সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও সরকারের কাছে নিরপেক্ষ তদন্তপূর্বক দ্রুত আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলাম এক ভিডিও বার্তায় বলেছেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। আমি বলব, গাজী নজরুল ইসলাম জনপ্রতিনিধির যে চেয়ারে আছেন; সেখান থেকে স্বেচ্ছায় পদত্যাগ করতে। পাশাপাশি জামায়াতের দলীয়ভাবে যে ব্যবস্থা আছে, সেটি তার বিরুদ্ধে নিতে।’

এমপির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুর রহমানের হোয়াটসঅ্যাপে কল দিলে তিনি কোনো সাড়া দেননি।

অভিযোগের বিষয়ে জানতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।নি।

/এসআর/