শিরোনাম

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন সব পর্যটক

রাঙামাটি সংবাদদাতা
রাঙামাটি সংবাদদাতা
সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন সব পর্যটক
পাহাড়ধস ও রাস্তা ডুবে যাওয়ায় সাজেকে আটকা পড়েন পাঁচ শতাধিক পর্যটক

ভারী বর্ষণ ও পাহাড়ধসের কারণে টানা দুইদিন ধরে রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে আটকা পড়েছিলেন প্রায় সাড়ে ৫০০ পর্যটক। তবে সেনাবাহিনীর প্রচেষ্টায় আটকে থাকা সব পর্যটক নিরাপদে ফিরে গেছেন।

শুক্রবার (১০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুর্পণ দেব বর্মণ।

তিনি জানান, ‎টানা ভারী বর্ষণ, পাহাড়ধস এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাজেক ভ্যালিতে মোট ৫৬১ জন পর্যটক আটকা পড়েছিলেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সেনাবাহিনীর সহায়তায় প্রথম দফায় ১৫০ জন নিরাপদে সাজেক ত্যাগ করেন। দ্বিতীয় দফায় শুক্রবার সকাল ৯টায় আরও ৩১১ জন পর্যটক সেনাবাহিনীর এসকর্টে খাগড়াছড়ির উদ্দেশে রওনা দেন। অবশিষ্ট প্রায় ১০০ জন পর্যটককেও পর্যায়ক্রমে নিরাপদে নিজ নিজ গন্তব্যে পাঠানো হয়েছে।

এদিকে টানা বর্ষণ, ভূমিধস ও সড়ক যোগাযোগ ব্যবস্থার ঝুঁকির কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাজেকে ভ্রমণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। গত মঙ্গলবার (৭ জুলাই) জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেকের সব পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

রাঙামাটির বিভিন্ন স্থানে ভূমিধস, পাহাড়ধস ও যোগাযোগ ব্যবস্থার বিঘ্নের আশঙ্কায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়।

জেলা প্রশাসনের ওই সিদ্ধান্তের ফলে নতুন করে কোনো পর্যটক সাজেকে প্রবেশ করতে পারেননি। তবে সিদ্ধান্ত কার্যকরের আগেই সেখানে অবস্থান করা শত শত পর্যটক আটকা পড়েন।

/জেএইচ/