শিরোনাম

রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

রাজশাহী সংবাদদাতা
রাজশাহী সংবাদদাতা
রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা ২৪ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন। বুধবার (২২ এপ্রিল) সকালে হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জের কক্ষে সংবাদ সম্মেলন করে তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।

এর আগে রোগীর স্বজনের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল ৯টায় কর্মবিরতি শুরু করেন তারা।

সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসকরা বলেন, যে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা তার চিকিৎসায় কোনো অবহেলা করা হয়নি। ওই রোগীকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রয়োজন ছিল। এ জন্য আইসিইউতে সিরিয়াল দেওয়া হয়েছিল। কিন্তু অপেক্ষমাণ আরও রোগী থাকায় বেড পাওয়া যায়নি। যখন ওই রোগী মারা যান, তখন কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক আরও দুইজন মুমূর্ষু রোগীকে নিয়ে হিমশিম খাচ্ছিলেন।

গত সোমবার রাতে হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় জুলিয়ারা বেগম নামের ওই রোগী মারা যান। এরপর তার দুই ছেলে সেনাসদস্য সোহেল আলী ও বিদ্যালয়ের নৈশপ্রহরী জয় আলী অভিযোগ তোলেন, চিকিৎসায় অবহেলার কারণে তাদের মায়ের মৃত্যু হয়েছে। তারা মারমুখী আচরণ করেছেন বলে ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ।

/এসআর/