শিরোনাম

অটোরিকশা-ভটভটির সংঘর্ষে সড়কে প্রাণ গেলো ৩ জনের

রাজশাহী সংবাদদাতা
অটোরিকশা-ভটভটির সংঘর্ষে সড়কে প্রাণ গেলো ৩ জনের
ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে সড়কে প্রাণ গেলো ৩ জনের। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সকালে বাঘা-লালপুর সড়কের চন্ডিপুরের হযরত আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন–নাটোরের লালপুর উপজেলার নওপাড়া গ্রামের অটোরিকশা চালক শরিফুল ইসলাম, একই উপজেলার বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস ও আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম।

আহতরা হলেন- নিহত রকেনার ছেলে শাহাজান আলী ও একই উডজেলার চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম। তাদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, অটোরিকশাটি নাটোরের লালপুর উপজেলার নওপাড়া গ্রামের যাত্রী নিয়ে রাজশাহীর বাঘা উপজেলায় আসছিল। চন্ডিপুরের হযরত আলীর বাড়ির সামনে পৌঁছলে বাঘা থেকে ছেড়ে আসা ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয়দের ধারণা, সকালে কুয়াশার কারণে দুই গাড়ির চালক একে অপরকে দেখতে পায়নি। এ জন্য সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান।

বাঘা থানা পুলিশের (ওসি তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। যানবাহন দুটিও জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর/