শিরোনাম

আম্মারের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল

রাবি সংবাদদাতা
আম্মারের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল। ছবি: সংবাদদাতা

রাজধানীতে যমুনায় শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতা জুম্মা জাবের ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস আম্মারের ওপর পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জোহা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা হাদি হত্যার দ্রুত বিচার ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ জানান। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের সমাবেশ
শিক্ষার্থীদের সমাবেশ

রাকসুর সহকারী ক্রীড়া সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ নুন বলেন, এক শুক্রবারে সন্ত্রাসীরা আমার ভাই শহীদ ওসমান হাদিকে গুলি করে হত্যা করেছিল। আবারও শুক্রবারই আন্দোলনরত ভাইদের ওপর হামলা চালিয়েছে পুলিশ। আমরা এর তীব্র নিন্দা জানাই।

রাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব বলেন, যাদের রক্তের ওপর দাঁড়িয়ে এই ইন্টেরিম সরকার গঠিত হয়েছে, সেই সরকার আজও হাদি ভাইয়ের বিচার নিশ্চিত করতে পারেনি। বরং আমরা বিচার চাইতে গেলে আমাদের ভাইদের ওপর গুলি চালানো হয়। সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি।

এসময় বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীসহ উপস্থিত ছিলেন রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক বিএম নাজমুছ সাকিব, ক্রীড়া সম্পাদক সামিসহ বিভিন্ন হল সংসদের নেতাকর্মীরা।

/এসআর/