শিরোনাম

স্বেচ্ছাসেবক দল নেতাকে ঘিরে দিনভর অভিযান, গ্রেপ্তার ছাড়াই সরে গেলো পুলিশ

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
স্বেচ্ছাসেবক দল নেতাকে ঘিরে দিনভর অভিযান, গ্রেপ্তার ছাড়াই সরে গেলো পুলিশ
রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও একটি হত্যা মামলার আসামি মীর তারেককে গ্রেপ্তারের জন্য ভবন ঘিরে রাখে পুলিশ

রাজশাহীতে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক শীর্ষ নেতাকে গ্রেপ্তারের চেষ্টা ঘিরে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রায় দুই ঘণ্টা ধরে একটি ভবন ঘিরে রাখার পর শেষ পর্যন্ত কোনো গ্রেপ্তার ছাড়াই স্থান ত্যাগ করে পুলিশ।

মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেককে গ্রেপ্তারের উদ্দেশ্যে শনিবার (২৭ জুন) রাত পৌনে ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত নগরের নিউমার্কেট এলাকার স্টেশন রোডের একটি ভবন ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। তবে পরে পুলিশ সেখান থেকে সরে যায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। তবে পরে নিশ্চিত হওয়া যায়, অভিযুক্ত ব্যক্তি ওই স্থানে উপস্থিত ছিলেন না—এ কারণে অভিযান শেষ করা হয়।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গাজিউর রহমান বলেন, ‘যে আসামিকে গ্রেপ্তারের জন্য যাওয়া হয়েছিল, পরে জানা যায় তিনি সেখানে নেই। তাই পুলিশ সেখান থেকে চলে আসে।’

অন্যদিকে অভিযানের সময় মীর তারেক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে দাবি করেন, তাকে ‘অন্যায়ভাবে ঘিরে ফেলা হয়েছে’ এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে। তার সমর্থকেরা ভবনের নিচে জড়ো হয়ে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে পুলিশ সরে যাওয়ার পর সমর্থকেরা তাকে ভবন থেকে বের করে মোটরসাইকেলে করে নিয়ে যান। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মীর তারেককে ঘিরে এর আগেও একাধিক বিতর্কিত ঘটনার তথ্য রয়েছে। গত ২১ জুন নগরের একটি আবাসিক ভবনে গুলিবিদ্ধ এক যুবককে কেন্দ্র করে তার সম্পৃক্ততার অভিযোগ ওঠে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের দাবি করে পুলিশ। ওই ঘটনায় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

এছাড়া গত বছরের একটি হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি হলেও এখনো গ্রেপ্তার হননি বলে জানা গেছে।

/এমআর/