শিরোনাম

কলাপাড়ায় দাঁড়াশ ও কালনাগিনী সাপ উদ্ধার

পটুয়াখালী সংবাদদাতা
কলাপাড়ায় দাঁড়াশ ও কালনাগিনী সাপ উদ্ধার
উদ্ধারকৃত সাপকে চিকিৎসা দেওয়া হয় হাসপাতালে। ছবি: সংবাদদাতা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পৃথক দুইটি স্থান থেকে ৬ ফুট দৈর্ঘ্যের একটি দাঁড়াশ এবং প্রায় দেড় ফুট দৈর্ঘ্যের একটি কালনাগিনী সাপ উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনিমেল লাভারস অফ পটুয়াখালী’র কলাপাড়া শাখার সদস্যরা। উদ্ধারকৃত সাপ দুইটি চিকিৎসাধীন রয়েছে এবং সুস্থ হলে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের কৃষক নীলকান্তের বাড়ির আঙিনায় জালে পেঁচানো দাঁড়াশ সাপ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি সংগঠনের হটলাইনে জানানো হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন সদস্যরা।

একইদিন সকালে উপজেলার পশ্চিম সেনাতলা গ্রামের বাসিন্দা মাসুদ মোল্লার বাড়ি থেকেও একটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়। বসতঘরের আশপাশে সাপটি দেখা গেলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে সংগঠনের সদস্যরা গিয়ে সাপটি উদ্ধার করেন।

এরপর বেলা ১১টার দিকে সাপ দুইটি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সাপ দেখতে ওই সময় কার্যালয় প্রাঙ্গণে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়।

এ বিষয়ে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান বলেন, হটলাইনে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে সাপ দুইটি উদ্ধার করি। উদ্ধারকালে কিছুটা আঘাত পাওয়ায় তাদের চিকিৎসা দেওয়া হয়। সম্পূর্ণ সুস্থ হলে সাপ দুইটিকে সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।

/এসআর/