শিরোনাম

নদীতে পাথর তোলার সময় মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু

পঞ্চগড় সংবাদদাতা
নদীতে পাথর তোলার সময় মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু
মরদেহের প্রতীকী ছবি। গ্রাফিকস সিটিজেন জার্নাল

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদীতে পাথর তোলার সময় মাটিচাপা পড়ে গুরুতর আহত এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকালে উপজেলার দেবনগর ইউনিয়নের কালিয়ামনি এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শ্রমিকের নাম আইয়ুব আলী। তিনি দেবনগর ইউনিয়নের ঝালিঙ্গীগছ এলাকার মুসলিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকে কালিয়ামনি এলাকায় করতোয়া নদীতে একদল শ্রমিকের সঙ্গে পাথর উত্তোলনের কাজ করছিলেন আইয়ুব আলী। বিকালে পাথর তোলার সময় পানিতে ডুব দিতেই হঠাৎ পাথর কোয়ারির পাড়ের মাটি ভেঙে তার ওপর পড়ে। এতে তিনি পানির নিচে মাটিচাপা পড়েন। পরে তার সঙ্গে থাকা অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে পাঁচটার দিকে আইয়ুব আলী মারা যান।

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, পাথর তোলার সময় মাটিচাপা পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

/এসআর/