শিরোনাম

হাতিয়ায় নৌ চলাচল বন্ধ

নোয়াখালী সংবাদদাতা
নোয়াখালী সংবাদদাতা
হাতিয়ায় নৌ চলাচল বন্ধ
নলচিরা নৌ ঘাট

মেঘনা নদী উত্তাল থাকায় নোয়াখালীর হাতিয়ায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। ফলে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌযান চলাচল বন্ধ হয়ে পড়েছে। রবিবার (৫ জুলাই) সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ ঘোষণা দেওয়া হয়েছে।

নৌযান চলাচল বন্ধ থাকায় সকাল থেকে যাত্রীদের নলচিরা ও চেয়ারম্যান ঘাটে অপেক্ষা করতে দেখা গেছে। তবে নদী উত্তাল থাকায় এ ঘাট থেকে সি-ট্রাক,স্পিড বোট, ফেরি কিংবা যাত্রীবাহী ট্রলার কোনোটিই ছেড়ে যায়নি।

নলচিরা ঘাটে অপেক্ষমাণ যাত্রী আবদুল কাদের বলেন, জরুরি কাজে নোয়াখালী শহরে যাওয়ার কথা ছিল। ঘাট থেকে কোনো নৌযান ছাড়ছে না। তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় প্রশাসনের সিদ্ধান্ত মেনে নিচ্ছি।

চেয়ারম্যানঘাটে থাকা যাত্রী রুবেল হোসেন বলেন, পারিবারিক প্রয়োজনে হাতিয়ায় এসেছিলাম। আজ ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু নৌ চলাচল বন্ধ থাকায় আটকা পড়েছি।

ফেরি মহানন্দার মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। এ কারণে কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

হাতিয়া উপকূলীয় নদীবন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়া চেয়ারম্যানঘাট-নলচিরা ঘাট নৌপথে চলাচলকারী সব ধরনের সরকারি নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

হাতিয়া উপজেলার ইউএনও রাসেল ইকবাল বলেন, বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে জেলা সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নৌ চলাচল শুরু হবে।

/এসআর/