ওবায়দুল কাদেরের ভাই ও ভাতিজা গ্রেপ্তার

নোয়াখালী সংবাদদাতা
নোয়াখালী সংবাদদাতা
ওবায়দুল কাদেরের ভাই ও ভাতিজা গ্রেপ্তার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মামাতো ভাই শামছুর রহমান টিপু ও তার ছেলে শিহাবুর রহমান শিহাব

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মামাতো ভাই শামছুর রহমান টিপু (৬২) ও তার ছেলে শিহাবুর রহমান শিহাবকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শামছুর রহমান টিপু ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে। তিনি বসুরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এ ছাড়া, তার ছেলে শিহাবুর রহমান শিহাব বসুরহাট পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানান, শামছুর রহমান টিপু ও তার ছেলে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। বৃহস্পতিবার বিকেলে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। পরে সেখান থেকে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. হাবীবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

/এসবি/