শিরোনাম

কিশোর গ্যাংয়ের হামলায় ব্যবসায়ী নিহত

সিটিজেন ডেস্ক
কিশোর গ্যাংয়ের হামলায় ব্যবসায়ী নিহত
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

নোয়াখালীর সদর উপজেলায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে মারধরের ঘটনায় সেলিম (৫৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দাদপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেলিম ওই গ্রামের বাসিন্দা ছিলেন।

পরিবারের সদস্যদের অভিযোগ, সেলিমের ছেলে অন্তর (১৫) ও একই এলাকার সজলের (১৭) মধ্যে ‘সিনিয়র-জুনিয়র’ নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে সন্ধ্যায় সজল তার কয়েকজন সহযোগীকে নিয়ে সেলিমদের বাড়ির সামনে আসে এবং অন্তরের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় অন্তরের বড় ভাই শাকিল তাদের ধাওয়া করলে হামলাকারীরা সরে যায়।

এ সময় হট্টগোল শুনে পাশের দোকান থেকে বের হয়ে বাড়ির দিকে আসছিলেন সেলিম। অভিযোগ, পথে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে পুলিশ বলছে, ঘটনাটি দুই পক্ষের মারামারির সময় ঘটে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, সংঘর্ষের সময় সেলিম ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তার মুখে আঘাত লাগে এবং তিনি পড়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

/এসএ/