শিরোনাম

লঞ্চে কলেজছাত্রীকে ধর্ষণ: এনসিপি-যুবশক্তির সঙ্গে যুবদলের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
লঞ্চে কলেজছাত্রীকে ধর্ষণ: এনসিপি-যুবশক্তির সঙ্গে যুবদলের সংঘর্ষ
কলেক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদকে কেন্দ্র করে এনসিপি-যুবশক্তি ও যুবদলের সংঘর্ষের ৬ জন আহত হয়েছে। ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় ঢাকাগামী লঞ্চে এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদকে কেন্দ্র করে এনসিপি-যুবশক্তি ও যুবদলের পাল্টাপাল্টি মিছিলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার রাতে হাতিয়া উপজেলার ওছখালী শহরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লঞ্চে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বিচার দাবিতে রাত আটটার দিকে এনসিপি ও যুবশক্তির নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি উপজেলা হাসপাতালের দিক থেকে জিরো পয়েন্টের দিকে যাচ্ছিল।

এ সময় উত্তর দিক থেকে যুবদলের আরেকটি মিছিল একই স্থানে পৌঁছালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের মধ্যে হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক ইউসুফ রেজা ও ছাত্রশক্তির আহ্বায়ক নিয়ামত উল্ল্যাহ নিরব রয়েছেন। এ ছাড়া ইটের আঘাতে হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম দুখু, পৌরসভা যুবদল নেতা আশিক ও শাখাওয়াত হোসেন হিরো আহত হন। আহত ব্যক্তিরা হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিলের সময় হাতাহাতির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

গত ৮ মার্চ হাতিয়ার তমরুদ্দি লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ফারহান-৪ নামের একটি লঞ্চে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ভুক্তভোগী রাজধানীর ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

পরে পুলিশ অভিযুক্ত দুজনকে আটক করে। সোমবার (৯ মার্চ) ভুক্তভোগীর ভাই বাদী হয়ে তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করেন।

ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুজন হলেন নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের পশ্চিম বড়দেইল গ্রামের মো. সাকিব উদ্দিন এবং একই ইউনিয়নের জোটখালী এলাকার মোহাম্মদ নুরুজ্জামান মিঠু।

/এসএ/