শিরোনাম

নোয়াখালীতে দুই হাসপাতালকে জরিমানা, অনুমোদনহীন শয্যা বন্ধ

নোয়াখালী সংবাদদাতা
নোয়াখালী সংবাদদাতা
নোয়াখালীতে দুই হাসপাতালকে জরিমানা, অনুমোদনহীন শয্যা বন্ধ
নিউ শমরিতা হাসপাতালে অভিযানে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে দুইটি বেসরকারি হাসপাতালকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লাইসেন্স নবায়ন না থাকা, পর্যাপ্ত জনবল না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশ ও অনুমোদনহীন শয্যা পরিচালনার অভিযোগে নিউ শমরিতা ও মেঘনা হসপিটালের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন আনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলী ও মাহফুজুল হক এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।

অভিযান সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন স্থানে অনুমোদন ছাড়া কিছু বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিচালনার অভিযোগ রয়েছে। অভিযানে লাইসেন্স নবায়ন না থাকা, অনুমোদনের চেয়ে বেশি শয্যা পরিচালনা, পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি পাওয়ায় মেঘনা হসপিটালকে ৩০ হাজার টাকা এবং নিউ শমরিতা হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অনুমোদনহীন অতিরিক্ত শয্যাগুলো সিলগালা করে দেয় স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন।

জেলা সিভিল সার্জন আনোয়ার হোসেন বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত না করলে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিবন্ধনহীন, জনবলসংকট ও রোগী হয়রানির অভিযোগ থাকা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও অভিযান চালানো হবে।

/এসআর/