শিরোনাম

আসামি ধরতে গিয়ে গণপিটুনির শিকার পুলিশ

নীলফামারী সংবাদদাতা
আসামি ধরতে গিয়ে গণপিটুনির শিকার পুলিশ
মাইক্রোবাস ভাঙচুর করা হয়। ছবি: সংবাদদাতা

নীলফামারীর সৈয়দপুরে প্রতারণা মামলার আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক রোডে এ ঘটনা ঘটে। ‎

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামির নাম মহসিন আলী মন্টু। তার বাড়ি শহরের মুন্সিপাড়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা পোশাকে একদল পুলিশ মহসিন আলীকে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পিবিআই পরিচয়ে আটক করে। ওই ব্যবসায়ী ভুয়া ডিবি পুলিশ বললে জনতা তাকে উদ্ধার করতে ছুটে আসে। তখন পিবিআই পুলিশ সদস্য গণপিটুনির শিকার হয়। উত্তেজিত জনতা পুলিশ বহনকারী মাইক্রোবাসটি ভাঙচুর করে। এ সুযোগে মহসিন পালিয়ে যান।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা বলেন, নারায়ণগঞ্জ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তিনজন এসআই ফতুল্লা থানার একটি প্রতারণার মামলার আসামিকে গ্রেপ্তার করতে সৈয়দপুরে আসেন। সাদা পোশাকে ওই আসামিকে আটক করে পিবিআই পুলিশ। এসময় মাইক্রোবাস চালকসহ পুলিশ সদস্য গণপিটুনির শিকার হয়। খবর পেয়ে আমাদের একটি দল তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

/এসআর/