শিরোনাম

মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা

নেত্রকোনা সংবাদদাতা
নেত্রকোনা সংবাদদাতা
মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা
দুর্গাপুরে ফুটবলপ্রেমীরা প্রতীকীভাবে মাদককে ‘লাল কার্ড’ প্রদর্শন করেন

নেত্রকোনার দুর্গাপুরে ফুটবলপ্রেমীদের নিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন। রবিবার সকাল ৯টায় দুর্গাপুর সাংবাদিক সমিতি কার্যালয়ের সামনে আয়োজিত এই কর্মসূচিতে ফুটবলপ্রেমীরা প্রতীকীভাবে মাদককে ‘লাল কার্ড’ প্রদর্শন করেন।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দুর্গাপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শাহীনুর ইসলাম তালুকদার। তিনি বলেন, ‘ফুটবলে লাল কার্ড যেমন মাঠ থেকে বহিষ্কারের প্রতীক, তেমনি সমাজ থেকেও মাদককে চিরতরে বহিষ্কার করতে হবে। খেলাধুলা শুধু শারীরিক বিকাশই ঘটায় না, এটি তরুণদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলে। মাঠের এই লাল কার্ড যেন সবার মনে মাদকের বিরুদ্ধে স্থায়ী প্রতিরোধ গড়ে তোলে। পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ায় এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনকে ধন্যবাদ।’

এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার বলেন, ‘মাদক একটি জাতিকে রুগ্‌ণ ও মেধাশূন্য করে দেয়। শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতাই পারে এই ব্যাধি দূর করতে। এ লক্ষ্যে আমরা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে সেমিনার ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি।

অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়ামোদী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

/এসআর/