শিরোনাম

পাওনা টাকা চাওয়ায় মারধর, প্রাণ গেলো শ্রমিকের

নেত্রকোনা সংবাদদাতা
পাওনা টাকা চাওয়ায় মারধর, প্রাণ গেলো শ্রমিকের

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মারধরে বাবুল মিয়া নামের এক শ্রমিক নিহত হয়েছেন। রবিবার (১৭ মে) সকালে উপজেলার খারনৈ ইউনিয়নের বরদল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাবুল মিয়া ওই গ্রামের মৃত সোনাহর মিয়ার ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, প্রায় ২০ থেকে ২৫ দিন আগে ধান কাটার শ্রমের বাবদ একই গ্রামের হাবিবুর রহমানের কাছে বাবুল মিয়া ১৫ হাজার টাকা পাওনা ছিল। আজ সকালে বাবুল মিয়ার ছেলে সিরাজুল ইসলাম একটি জমিতে ধান কাটার কাজ করছিলেন। এসময় হাবিবুর রহমানের সঙ্গে দেখা হলে তিনি পাওনা টাকা চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

পরিবারের অভিযোগ, একপর্যায়ে হাবিবুর রহমানের সঙ্গে থাকা সাদ্দাম, মোস্তাকিম ও মোজাকিমসহ কয়েকজন সিরাজুল ইসলামকে মারধর শুরু করেন। ছেলেকে মারধরের খবর পেয়ে বাবুল মিয়া এগিয়ে গেলে তাকেও দাড়ি ধরে ফেলে দেওয়া হয়। পরে তার বুকে উপর্যুপরি কিল-ঘুষি মারা হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় বাবুল মিয়াকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শৌভিক শ্রাবণ দত্ত বলেন, হাসপাতালে আনার আগেই বাবুল মিয়ার মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর/