ছাত্রদল নেতা হত্যা: বিএনপির এমপিপুত্র ৩ দিনের রিমান্ডে

নাটোর সংবাদদাতা
নাটোর সংবাদদাতা
ছাত্রদল নেতা হত্যা: বিএনপির এমপিপুত্র ৩ দিনের রিমান্ডে
এমপির ছেলে নুরুজ্জামান মিন্টু এবং (ইনসেটে) নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলাম

ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আজিজুর রহমান আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে নুরুজ্জামানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের কোর্ট ইন্সপেক্টর আসমাউল হক।

রিমান্ডপ্রাপ্ত নুরুজ্জামান মিন্টু গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

এর আগে, গতকাল সোমবার রাতে ঢাকা চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম। তার মৃত্যুর পরেই মিন্টুকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং তাকে জিজ্ঞাসাবাদও চলমান রয়েছে।

জানা গেছে, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় চাঁচকৈড় বাজার থেকে ফেরার পথে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন ছাত্রদল নেতা শাকিল ইসলাম। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে তাকে রাজশাহী ও পরে ঢাকার বাংলাদেশ মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল রাত সোয়া আটটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাকিল ইসলাম গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার রবিউল করিম মিস্ত্রির ছেলে এবং নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব।

এ ঘটনায় গত ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল করিম থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

/এফআর/