শিরোনাম

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, প্রতিবাদে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, প্রতিবাদে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধ মাটি কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম ওসমান গনি (৪০)। ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। এই হত্যা ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২১ মে) সকালে আড়াইহাজার-গাউছিয়া আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করেন নিহতের স্বজন ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

নিহত ওসমান গনি উপজেলার বড় বিনাইরচর গ্রামের মৃত আব্দুল আব্দুর রশিদের ছেলে। তিনি উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

আর আটকদের একজন রমজান মিয়া। তিনি উপজেলার দুপ্তারা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব। বাকি তিনজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় ভেকু দিয়ে মাটিকাটাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের নেতা রমজান আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে নিহত ওসমান গনির বিরোধ চলছিল। এর জেরে গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিলসংলগ্ন কাউন্দার চক নামক স্থানে ওসমান গনির ওপর হামলা চালায় রমজান আলীর লোকজন। এ সময় ওসমান গনিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরবর্তীতে তাকে উদ্ধার করে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে সেখানে নেওয়ার আগেই মারা যান ওসমান গনি।

এদিকে, এই হত্যা ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে আড়াইহাজার-গাউছিয়া সড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে নিহতের স্বজন ও বিএনপির নেতাকর্মীরা। এসময় কয়েকটি যানবাহনে ভাঙচুর করা হয়। এতে আঞ্চলিক মহাসড়কটিতে সকাল সাতটা থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সদস্য সচিব রমজান মিয়াসহ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

/এফআর/